দেশে ফিরলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে ঢাকায় পৌঁছান তিনি। বিষয়টি বিসিবির একাধিক পরিচালক গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
দীর্ঘ সময় বিদেশে অবস্থান করায় তার দেশে ফেরা নিয়ে ক্রিকেট মহলে নানা গুঞ্জন তৈরি হয়েছিল। বিশেষ করে প্রশ্ন উঠেছিল—তিনি দেশে ফিরবেন, নাকি প্রবাস থেকেই দায়িত্ব পালন করবেন। বিসিবির কর্মকর্তারা জানিয়েছেন, পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়ায় ঈদ উদযাপন শেষে ২৬ বা ২৭ মার্চ দেশে ফেরার পরিকল্পনা ছিল তার। তবে নির্ধারিত সময়ের কিছুটা পরে, ২৯ মার্চ তার প্রত্যাবর্তনের মধ্য দিয়ে সব জল্পনার অবসান ঘটে।
আমিনুল ইসলাম বুলবুলের দেশে ফেরা এমন এক সময়ে হয়েছে, যখন বিসিবির গত অক্টোবরের নির্বাচনকে ঘিরে চলছে নানা বিতর্ক। ঢাকার বিভিন্ন ক্লাব ও জেলা-ভিত্তিক ক্রীড়া সংগঠনের কয়েকজন কর্মকর্তা নির্বাচনে ‘অবৈধতা’ ও ‘অস্বচ্ছতা’র অভিযোগ তুলে জাতীয় ক্রীড়া পরিষদে আবেদন করেছেন। অভিযোগে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও সরকারি হস্তক্ষেপের কথাও উল্লেখ করা হয়েছে।
এদিকে, জাতীয় ক্রীড়া পরিষদ ইতোমধ্যে একজন অবসরপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বে পাঁচ সদস্যের একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে। জানা গেছে, কমিটি আগামী এপ্রিলের প্রথম ভাগেই তাদের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পরিকল্পনা করছে।
সূত্র বলছে, তদন্ত কমিটি ইতোমধ্যে বিসিবি সভাপতির সঙ্গে অনলাইনে যোগাযোগ করেছে। তবে দেশে ফেরার ফলে এখন তিনি সরাসরি কমিটির সামনে উপস্থিত হয়ে নিজের বক্তব্য উপস্থাপন করতে পারবেন।
উল্লেখ্য, গত অক্টোবরের নির্বাচনে নিজের ভূমিকা নিয়েও আমিনুল ইসলাম বুলবুলের বিরুদ্ধে প্রশ্ন উঠেছে। বিশেষ করে জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থাগুলোর কাছে নিয়মবহির্ভূতভাবে কাউন্সিলরশিপ চাওয়ার বিষয়টি তদন্তের আওতায় রয়েছে।


























