কাজ পাচ্ছি না বোন, আর পারছি না’: কাজের অভাবেই কি অকালে প্রাণ গেল তরুণ অভিনেতার?
বিনোদন ডেস্ক | কলকাতা
টলিউডে এখন যেন কেবলই শোকের ছায়া। তরুণ অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের অকাল প্রয়াণের ধাক্কা সামলে ওঠার আগেই ফের দুঃসংবাদ এল বাংলা বিনোদন জগতে। মাত্র ৩৩ বছর বয়সে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন আরও এক তরুণ অভিনেতা প্রণব চট্টোপাধ্যায়। গত ৪৮ ঘণ্টায় দুই তরতাজা অভিনেতার মৃত্যুতে রীতিমতো শোকস্তব্ধ গোটা টলিউড পাড়া।
কাজের অভাবে চরম মানসিক চাপ জানা গেছে, গত সোমবার হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন প্রণব। তড়িঘড়ি তাঁকে হাসপাতালে নেওয়া হলেও শেষ রক্ষা হয়নি। তবে তাঁর মৃত্যুর পর সামনে এসেছে এক অত্যন্ত হৃদয়বিদারক তথ্য। সহকর্মীদের মতে, বেশ কিছুদিন ধরে ইন্ডাস্ট্রিতে পর্যাপ্ত কাজের অভাবে চরম মানসিক অবসাদে ভুগছিলেন এই তরুণ অভিনেতা।
ভাইরাল ফেসবুক পোস্ট ও আক্ষেপ অভিনেতার মৃত্যুর পর অভিনেত্রী অলকানন্দা গুহর একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যা পড়ে চোখের পানি ধরে রাখতে পারছেন না অনেকেই।
প্রণবের স্মৃতিচারণ করে আক্ষেপের সুরে অলকানন্দা তাঁর পোস্টে লিখেছেন, “’ইন্ডাস্ট্রিতে কাজ পাচ্ছি না বোন আমি আর পারছি না, কাজের খুব দরকার’—এটাই বলেছিলে তো? আমি নিজের কাজে তোমায় ডাকি কারণ অভিনয় তুমি খুব ভালোই করতে দাদা। বলেছিলাম আমার আরও অনেক কাজ করবে তুমি। কিন্তু এটা আমি কী শুনলাম? সব ছেড়ে চলে গেলে? হয়তো আমি কিছুই করতে পারলাম না।”
টেলিভিশনের পরিচিত মুখ প্রণব প্রণব চট্টোপাধ্যায় মূলত টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজ করতেন। তাঁকে ‘বসন্ত বিলাস মেসবাড়ি’ কিংবা জি বাংলার ‘ভগবান দাস’-এর মতো জনপ্রিয় ধারাবাহিকে অভিনয় করতে দেখা গেছে। এছাড়াও স্টার জলসা ও জি বাংলার একাধিক মেগা সিরিয়ালে জুনিয়র শিল্পী হিসেবে নিয়মিত কাজ করেছেন তিনি।
সহকর্মীদের শোক প্রণবের এমন আকস্মিক বিদায়ে ভেঙে পড়েছেন তাঁর সহকর্মী ও পরিচালকরা। ‘হরগৌরী পাইস হোটেল’ খ্যাত পরিচালক পাভেল ঘোষ প্রণবের সঙ্গে নিজের একটি পুরোনো ছবি শেয়ার করে ফেসবুকে আক্ষেপ নিয়ে লিখেছেন, “তোমাকে আর বকার সুযোগ হবে না।”
সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, অভিনেতা রাহুলের শেষকৃত্য চলাকালীনই প্রণবের মৃত্যুর খবর এসে পৌঁছায়। পরপর দুই তরুণ প্রতিভার এমন অকাল প্রস্থান বাংলা বিনোদন জগতে এক গভীর শূন্যতার সৃষ্টি করেছে।





















