কুষ্টিয়ায় কথিত পীর শামিম জাহাঙ্গীরকে হত্যার ঘটনায় থানায় মামলা
কুষ্টিয়ায় কথিত পীর শামিম জাহাঙ্গীর হত্যাকাণ্ডের ঘটনায় কয়েকজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) নিহতের বড় ভাই ফজলুর রহমান দৌলতপুর থানায় এ মামলা করেন।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, রাত প্রায় ৯টা ৫০ মিনিটে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনার সূত্রপাত গত শনিবার ফিলিপনগর এলাকায়। কোরআন ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্যের অভিযোগে একটি দরবার শরিফে শত শত বিক্ষুব্ধ মানুষ হামলা চালায়। হামলাকারীরা দরবারে ভাঙচুর করে এবং পরে আগুন ধরিয়ে দেয়। এ সময় নিজেকে পীর দাবি করা শামীম রেজাকে মারধর করা হয়। হামলায় তার দুই অনুসারীও আহত হন।
স্থানীয়দের অভিযোগ, গত পাঁচ থেকে ছয় বছর ধরে শামীম ইসলামের নাম ব্যবহার করে বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। এর আগে গান-বাজনা করে দাফনসহ নানা কার্যকলাপের কারণে তিনি সমালোচিত হন।


























