গোপনে শৈশবের বন্ধুকে বিয়ে করলেন জুবিন নটিয়াল
প্রেমের গানে কোটি ভক্তের মন জয় করা জনপ্রিয় ভারতীয় প্লেব্যাক শিল্পী জুবিন নটিয়াল গোপনে বিয়ে করেছেন তার শৈশবের এক বান্ধবীকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের কিছু ছবি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনার সৃষ্টি হয়।
প্রথমে এ বিষয়ে নীরব থাকলেও এক সাক্ষাৎকারে নিজের বিয়ের কথা স্বীকার করেন এই শিল্পী। তিনি জানান, গত বছরই তিনি বিয়ে করেছেন এবং বিষয়টি ইচ্ছাকৃতভাবে পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন।
জুবিন বলেন, বিয়েটি হয়েছে তার নিজ রাজ্য উত্তরাখণ্ডে, খুবই সাদামাটা ও ঘরোয়া পরিবেশে। পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সীমিত পরিসরে সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।
তিনি আরও জানান, তার জীবনসঙ্গী প্রচারবিমুখ এবং সামাজিক যোগাযোগমাধ্যম থেকে দূরে থাকতে পছন্দ করেন। শৈশবের পরিচয় থেকেই তাদের সম্পর্কের সূত্রপাত, যা পরবর্তীতে বিয়েতে রূপ নেয়।
স্ত্রীর পরিচয় প্রকাশ না করার বিষয়ে জুবিন বলেন, তার সরল জীবনযাপন ও ব্যক্তিগত গোপনীয়তার কারণেই বিষয়টি প্রকাশ্যে আনেননি। তিনি দেরাদুনের একজন সাধারণ পরিবারের মেয়ে এবং বহুদিনের পরিচিত।
বর্তমানে বড় পরিসরে জাঁকজমকপূর্ণ বিয়ের প্রচলন থাকলেও, তারা ইচ্ছাকৃতভাবে সাদামাটা আয়োজনেই জীবনসঙ্গী হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এই শিল্পী।


























