সিনেমা হলে অভিযান: আপত্তিকর অবস্থায় ৩৫ তরুণ-তরুণীসহ আটক ৩৭
রংপুর নগরীর একটি সিনেমা হলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ৩৫ তরুণ-তরুণীসহ মোট ৩৭ জনকে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
রোববার (১৯ এপ্রিল) বিকেলে নগরীর শাপলা সিনেমা হলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পুলিশের উপপুলিশ কমিশনার সনাতন চক্রবর্তী জানান, সিনেমা হলটির তৃতীয় তলায় সিনেমা দেখার আড়ালে ছোট ছোট গোপন কক্ষ ও বিছানার ব্যবস্থা করা হয়েছিল। সেখানে উঠতি বয়সী ছেলে-মেয়েরা গিয়ে অনৈতিক কার্যকলাপে লিপ্ত হতো বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরেই এমন কার্যক্রম চলছিল বলে তিনি জানান।
তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ১৯ জন তরুণী ও ১৬ জন তরুণকে আপত্তিকর অবস্থায় আটক করা হয়। তারা বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থী। এ ছাড়া হল-সংশ্লিষ্ট আরও দুজনকে আটক করা হয়েছে।

আটকদের অধিকাংশ শিক্ষার্থী হওয়ায় তাদের মুচলেকা নিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, হলের সংশ্লিষ্ট কর্মচারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হবে।
উপপুলিশ কমিশনার বলেন, এ অভিযানে সাধারণ কোনো দর্শককে আটক করা হয়নি। কেবল তৃতীয় তলার বিশেষ কক্ষে অসামাজিক কাজে জড়িতদেরই আটক করা হয়েছে।
তিনি আরও বলেন, নগরীতে অসামাজিক কার্যকলাপ প্রতিরোধ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মেট্রোপলিটন পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, এর আগে গত ১৫ এপ্রিল রাতে নগরীর স্টেশন রোডের শাপলা ব্রিজ সংলগ্ন ড্রিমল্যান্ড আবাসিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট থেকে অনৈতিক কার্যকলাপের অভিযোগে ৪ তরুণীসহ ১৩ জনকে আটক করা হয়েছিল।


























