এফএ কাপের ফাইনালে উঠল ম্যানচেস্টার সিটি
চ্যাম্পিয়নশিপের দল সাউদাম্পটনকে ২-১ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো এফএ কাপের ফাইনালে উঠেছে ম্যানচেস্টার সিটি।
ম্যাচের শুরুটা ছিল কিছুটা ধীরগতির, তবে শেষ মুহূর্তে উত্তেজনা চরমে ওঠে। ৭৯তম মিনিটে ফিন আজাজের দুর্দান্ত গোলে সাউদাম্পটন এগিয়ে যায়। এতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করে দলটি।
তবে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ায় ম্যানচেস্টার সিটি। ৮২তম মিনিটে বদলি খেলোয়াড় জেরেমি ডোকুর শট ডিফ্লেক্ট হয়ে জালে জড়ালে সমতা ফেরে। এরপর ৮৭তম মিনিটে নিকো গনজালেসের জোরাল শটে জয় নিশ্চিত করে সিটি।
লিগের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে কোচ পেপ গার্দিওলা আগের ম্যাচের একাদশে ৮টি পরিবর্তন আনেন। ফলে শুরুতে কিছুটা ছন্দহীন দেখা গেলেও শেষ পর্যন্ত জয় তুলে নেয় তার দল।
এই জয়ের ফলে প্রিমিয়ার লিগে আর্সেনালের ওপর চাপ বাড়ানোর পাশাপাশি আরও একটি শিরোপা জয়ের সুযোগ তৈরি হলো ম্যানচেস্টার সিটির সামনে।


























