চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত জারি
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় বায়ুচাপের পার্থক্য বেশি থাকায় সমুদ্র উত্তাল রয়েছে।
এ পরিস্থিতিতে উল্লিখিত চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত দেখাতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে, দেশের বিভিন্ন অঞ্চলেও বৈরী আবহাওয়ার পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। ঢাকাসহ ১৩টি জেলায় মঙ্গলবার ভোর থেকে দুপুরের মধ্যে কালবৈশাখী ঝড়, বৃষ্টি বা বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া ঢাকা, টাঙ্গাইল, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, বৈশাখের এই কালবৈশাখী ঝড় স্বল্প সময়ে তীব্র আকার নিতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দা ও নৌযান চলাচলকারীদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।


























