‘ছেলে বাড়ি-গাড়ি কিছুই চায় না’—জেন-জি নিয়ে মুগ্ধ আর মাধবন
বলিউডের মার্জিত ও মাটির মানুষ হিসেবে পরিচিত আর মাধবন সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বেড়ে ওঠা, সন্তান লালনপালন এবং বর্তমান প্রজন্মের জীবনদর্শন নিয়ে খোলামেলা কথা বলেছেন। বিশেষ করে তাঁর ছেলে বেদান্ত মাধবন-এর সরল জীবনযাপন নিয়ে তার মন্তব্য এখন সামাজিক মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে।
মাধবন মনে করেন, তাঁর বিনয়ী স্বভাবের পেছনে দক্ষিণ ভারতীয় সংস্কৃতির বড় ভূমিকা রয়েছে। তিনি বলেন, ছোট অর্জন নিয়ে অহংকার না করা এবং নিজেকে আড়ালে রাখা এই সংস্কৃতির অন্যতম বৈশিষ্ট্য। জামশেদপুরে বেড়ে ওঠা এই অভিনেতার মতে, ‘মধ্যবিত্ত মানসিকতা’ মানুষকে সব পরিস্থিতিতে মানিয়ে নিতে সাহায্য করে এবং বিনয়ী রাখে।
ছেলে বেদান্ত একজন প্রতিভাবান সাঁতারু হলেও তাকে অন্য তারকা সন্তানদের সঙ্গে তুলনা করা নিয়ে বিরক্ত মাধবন। তিনি বলেন, এ ধরনের তুলনা শিশুদের মনে আঘাত করতে পারে। তারকা সন্তান হওয়ার কারণে অতিরিক্ত নজর থাকলেও এই ‘মিম সংস্কৃতি’ তাদের কাছে আনন্দের নয়।
তিনি আরও জানান, বেদান্ত জানে তার পরিচয় শুধু তার বাবার কারণে নয়, বরং নিজের কাজের মাধ্যমেই তৈরি হবে। তাই তাকে সবসময় বাস্তবতা ও নিজের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন রাখা হয়।
বর্তমান প্রজন্ম বা জেন-জি নিয়ে ইতিবাচক ধারণা প্রকাশ করে মাধবন বলেন, এই প্রজন্ম অনেক বেশি ধীরস্থির ও মিতব্যয়ী। তার ছেলে এখনই বাড়ি বা গাড়ি কেনার কোনো আগ্রহ দেখায় না, বরং সাধারণ জীবনযাপনেই স্বাচ্ছন্দ্য বোধ করে। এই অনাড়ম্বর জীবনধারা দেখে তিনি মুগ্ধ।
এদিকে পেশাগত দিক থেকেও সফল সময় পার করছেন মাধবন। তাঁর অভিনীত ‘ধুরন্ধর ২’ সিনেমা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। প্রতিবেদন অনুযায়ী, ছবিটি বিশ্বজুড়ে প্রায় ১,৭৮২.১৫ কোটি রুপি আয় করেছে, যা ভারতীয় চলচ্চিত্র ইতিহাসে অন্যতম বড় সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে।


























