রাশমিকা-রজনীকান্তদের শুভেচ্ছায় সিক্ত থালাপতি বিজয়, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস
রাশমিকা-রজনীকান্তদের শুভেচ্ছায় সিক্ত থালাপতি বিজয়, তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ইতিহাস
ভারতের তামিলনাড়ু রাজনীতিতে দীর্ঘদিনের ডিএমকে–এডিএমকে দ্বৈত আধিপত্য ভেঙে নতুন ইতিহাস গড়েছেন অভিনেতা থেকে রাজনীতিক হওয়া থালাপতি বিজয়। বিধানসভা নির্বাচনে তার দল তামিলগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর জয়ের পর দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে বইছে অভিনন্দনের জোয়ার।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অভিনেত্রী রাশমিকা মান্দানা সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বিজয়কে শুভেচ্ছা জানিয়ে তার নতুন রাজনৈতিক যাত্রার জন্য উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি লেখেন, “অভিনন্দন বিজয় স্যার। আপনার জন্য খুবই আনন্দিত এবং নতুন এই অধ্যায়ে আপনাকে দেখতে মুখিয়ে আছি। অনেক শুভকামনা।”
এদিকে কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত এক বার্তায় বিজয় ও তার দলীয় সদস্যদের অভিনন্দন জানিয়ে এই জয়কে তাৎপর্যপূর্ণ অর্জন হিসেবে উল্লেখ করেন।
অভিনেতা ধনুশ বলেন, প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই জনগণের ব্যাপক সমর্থন পাওয়া বিজয় ও তার দলের জন্য বড় সাফল্য, যা তাদের সরকার গঠনের পথে এগিয়ে দিয়েছে।
তেলেগু তারকা রাম চরণ মন্তব্য করেন, বিজয়ের নেতৃত্বগুণ ও জনগণের সঙ্গে সংযোগই এই জয়ের মূল কারণ এবং তিনি তামিলনাড়ুর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন।
প্রথমবার নির্বাচনে অংশ নিয়েই এমন সাফল্য পাওয়ায় তামিলনাড়ুর রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


























