বিশ্বকাপের সব ম্যাচ দেখলেই মিলবে ৬১ লাখ টাকা!
ফুটবল বিশ্বকাপ দেখতে কোটি ভক্তের স্বপ্ন থাকে। তবে এবার সেই স্বপ্নই পরিণত হচ্ছে চাকরিতে। ২০২৬ ফিফা বিশ্বকাপের সবগুলো ম্যাচ দেখার জন্য একজন ফুটবলপ্রেমীকে দেওয়া হবে ৫০ হাজার মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৬১ লাখ টাকা।
বিশ্বখ্যাত সম্প্রচারমাধ্যম ফক্স স্পোর্টস ও চাকরি খোঁজার প্ল্যাটফর্ম ইনডিড যৌথভাবে এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে। নির্বাচিত ব্যক্তিকে নিউইয়র্কের টাইমস স্কয়ারে বিশেষ কাচের কিউবে বসে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ দেখতে হবে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত কনটেন্টও শেয়ার করতে হবে।
আয়োজকদের ভাষ্য অনুযায়ী, এটি “এই মৌসুমের সেরা চাকরি”। তবে সুযোগ পাবেন মাত্র একজন। আগামী ৬ জুন বিজয়ীর নাম ঘোষণা করা হবে।
আগামী ১১ জুন শুরু হবে ২০২৬ ফিফা বিশ্বকাপ। যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর যৌথ আয়োজনে এবারের আসরে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮টি দল।


























