সিলেটে হামের উপসর্গে ৫ ঘণ্টায় তিন শিশুর মৃত্যু।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পিআইসিইউতে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন তিন শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১১টার মধ্যে পাঁচ ঘণ্টার ব্যবধানে ছয় থেকে আট মাস বয়সি তিন শিশুর মৃত্যু হয়।
মারা যাওয়া শিশুরা হলো— সিলেট নগরের আখালিয়া এলাকার মাহদী হাসান (৮ মাস), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার জারা (৭ মাস) এবং শান্তিগঞ্জ উপজেলার মুস্তাকিম (৬ মাস)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টায় মুস্তাকিম, সন্ধ্যা ৭টায় মাহদী হাসান এবং রাত ১১টায় জারা মারা যায়।
এ নিয়ে সিলেটে হাম ও এর উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩ জনে। এর আগে গত সোমবারও এক দিনে তিন শিশুর মৃত্যু হয়েছিল।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক মাহবুবুল আলম বলেন, হামের সংক্রমণ ঠেকাতে টিকাদানের কোনো বিকল্প নেই। আক্রান্ত শিশুদের বাঁচাতে চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ চেষ্টা করছেন।
তিনি আরও বলেন, সারা দেশে ১০ মে পর্যন্ত এবং সিলেট সিটি করপোরেশন এলাকায় ২০ মে পর্যন্ত বিশেষ হাম টিকাদান কর্মসূচি চলবে। ছয় মাস থেকে পাঁচ বছর বয়সি সব শিশুকে টিকা দেওয়ার আহ্বান জানান তিনি।


























