নেইমারকে বিশ্বকাপে দেখতে চান মেসি।
আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বলেছেন, নেইমারের মতো ফুটবলারের বিশ্বকাপে থাকা পুরো ফুটবল বিশ্বের জন্যই ইতিবাচক।
‘লো দেল পোলো শো’ পডকাস্টে মেসি বলেন, বিশ্বকাপ সবসময় সেরা খেলোয়াড়দের মঞ্চ এবং নেইমার তাদেরই একজন।
তিনি জানান, নেইমারের বর্তমান অবস্থা যেমনই হোক, তাকে বিশ্বকাপে দেখতে পারাটা দারুণ হবে। শুধু ব্রাজিলের জন্য নয়, ফুটবলের জন্যও এটি গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।
মেসি আরও বলেন, নেইমারকে নিয়ে নিরপেক্ষ মন্তব্য করা তার জন্য কঠিন, কারণ তাদের বন্ধুত্ব অনেক গভীর। মাঠের বাইরেও নেইমার অসাধারণ একজন মানুষ বলেও মন্তব্য করেন তিনি।
বার্সেলোনা ও পিএসজিতে একসঙ্গে খেলতে গিয়ে তাদের বন্ধুত্ব আরও গভীর হয়। বার্সেলোনায় চার মৌসুম এবং পিএসজিতে দুই মৌসুম সতীর্থ ছিলেন তারা।
২০২৩ সালে পিএসজি ছাড়ার পর মেসি যোগ দেন ইন্টার মিয়ামিতে। অন্যদিকে নেইমার সৌদি ক্লাব আল হিলালে গেলেও ইনজুরির কারণে কঠিন সময় পার করেন। পরে তিনি পুরোনো ক্লাব সান্তোসে ফিরে যান।
এদিকে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তিও ইঙ্গিত দিয়েছেন, পুরোপুরি ফিট হয়ে ফিরতে পারলে বিশ্বকাপ দলে জায়গা পেতে পারেন নেইমার।


























