বিশ্বকাপের আগে নিয়ম বদলে আর্জেন্টিনাকে বড় সুবিধা দিল ফিফা।
বিশ্বকাপ শুরুর ঠিক আগে গুরুত্বপূর্ণ নিয়ম পরিবর্তনের ঘোষণা দিয়েছে ফিফা। নতুন নিয়মে বাছাইপর্বে পাওয়া লাল কার্ড বা হলুদ কার্ডজনিত নিষেধাজ্ঞা আর বিশ্বকাপে বহাল থাকবে না।
শুক্রবার ফিফা জানায়, আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে বড় আসরে সব দল যেন পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে খেলতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ফিফার নতুন নিয়মে সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে আর্জেন্টিনা ও ইকুয়েডর। আর্জেন্টিনার ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি এবং ইকুয়েডরের মিডফিল্ডার মোইসেস কাইসেদো নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়ে বিশ্বকাপে খেলতে পারবেন।
গত সেপ্টেম্বরে আর্জেন্টিনা-ইকুয়েডর ম্যাচে দুজনই লাল কার্ড দেখেছিলেন। আগের নিয়ম থাকলে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারতেন না তারা।
এ ছাড়া কাতারের ডিফেন্ডার তারেক সালমানও এই সিদ্ধান্তে উপকৃত হয়েছেন। নিষেধাজ্ঞা কাটিয়ে এখন তিনি দলের প্রথম ম্যাচে মাঠে নামতে পারবেন।
এর আগে একই ধরনের সুবিধা পেয়েছিলেন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদোও।
আগামী বিশ্বকাপে আর্জেন্টিনা তাদের শিরোপা রক্ষার অভিযান শুরু করবে ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।


























