গাজীপুরে গণপিটুনিতে তিনজন নিহত।
গাজীপুরের কালিয়াকৈরে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে।
রোববার (১০ মে) ভোরে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের বাগচালা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র পিকআপ ভ্যান নিয়ে গরু চুরি করতে গেলে বাড়ির মালিক বিষয়টি টের পান। পরে স্থানীয়রা চোরদের ধাওয়া করে তিনজনকে আটক করেন।
এ সময় উত্তেজিত জনতা তাদের গণপিটুনি দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।
ঘটনার সময় জনতা চোরদের ব্যবহৃত পিকআপ ভ্যানেও আগুন ধরিয়ে দেয়।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থল থেকে তালা কাটার সরঞ্জাম, চাপাতি ও দা উদ্ধার করা হয়েছে।
কালিয়াকৈর থানার ওসি সহিদুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।


























