গাজীপুরে পোশাক কারখানায় অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক।
গাজীপুরের ভোগরা এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন অর্ধশতাধিক শ্রমিক।
সোমবার সকালে ভোগরা চৌধুরী বাড়ি এলাকার প্যান এশিয়া ক্লদিং লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে। পরে একদিনের সাধারণ ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ জানায়, সকালে কাজে যোগ দেওয়ার পর কয়েকজন শ্রমিক মাথা ঘোরা ও অসুস্থতা অনুভব করেন। পরে আরও অনেকে একই ধরনের সমস্যায় আক্রান্ত হন।
অসুস্থ শ্রমিকদের তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগ শ্রমিক বাড়ি ফিরলেও কয়েকজন এখনো চিকিৎসাধীন রয়েছেন।
কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত আছেন।
কারখানার সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, হঠাৎ করেই শ্রমিকরা মাথা ঘুরে পড়ে যেতে শুরু করেন। চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষার পর অসুস্থতার কারণ জানাতে পারবেন।
গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশীদ জানান, শ্রমিকরা ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বা গণমনস্তাত্ত্বিক সমস্যায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মাথা ঘোরা ও বমির উপসর্গ দেখা গেছে।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের সুপার আমজাদ হোসেন বলেন, বর্তমানে সবাই আশঙ্কামুক্ত আছেন।


























