মুক্তিপণ দাবির দুই দিন পর ডোবায় মিলল শিশুর লাশ।
ফেনীর দাগনভূঞায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে ১৮ মাস বয়সি শিশু মো. হাছানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১১ মে) সকালে দাগনভূঞা পৌরসভার আমানউল্ল্যাহপুর এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত হাছান লক্ষ্মীপুরের কমলনগরের বাসিন্দা মো. তারেক ও তারজিনা আক্তার নিপু দম্পতির ছেলে। পরিবারটি দাগনভূঞায় ভাড়া বাসায় থাকত।
শিশুটির বাবা জানান, শনিবার বিকেলে বাসার সামনে খেলাধুলার সময় হাছান নিখোঁজ হয়। পরে অপরিচিত নম্বর থেকে ফোন করে প্রথমে ১২ হাজার এবং পরে ১ লাখ ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়।
এ ঘটনায় রোববার দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, বাড়ির পাশের ডোবা থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পানিতে ডুবে শিশুটির মৃত্যু হয়েছে। মুক্তিপণ দাবির ঘটনাটি প্রতারক চক্রের কাজ বলে মনে করছে পুলিশ।
হুমকি দেওয়া মোবাইল নম্বরটি নওগাঁ অঞ্চলের বলে জানা গেছে।


























