অল্পের জন্য প্রাণে বাঁচলেন জায়েদ খান
ঢাকাই সিনেমার আলোচিত অভিনেতা জায়েদ খান যুক্তরাষ্ট্রে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে পারফর্ম করতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। ওকলাহোমা অঙ্গরাজ্যে আয়োজিত অনুষ্ঠানে মঞ্চে আগুন ছিটকে তার শরীরে লাগলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তিনি।
জানা গেছে, মোটরসাইকেলে করে মঞ্চে প্রবেশের সময় সামনে ও পেছনে থাকা ফায়ার ওয়াক্স থেকে আগুন ছিটকে পড়ে জায়েদ খানের শরীরে। এ সময় দ্রুত তাকে উদ্ধার করা হলে বড় ধরনের বিপদ এড়ানো সম্ভব হয়।
ঘটনার বর্ণনা দিতে গিয়ে জায়েদ খান বলেন, “একটুর জন্য প্রাণে বেঁচে গেছি। শরীরে আগুন ধরে গিয়েছিল। এরপরও পারফর্ম শেষ করেছি, পরে চিকিৎসা নিতে হয়েছে।”
তিনি আরও জানান, দ্রুত উদ্ধার করা না হলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত। আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হলেও তার শরীরের কিছু অংশ পুড়ে যায়।
তবে আহত অবস্থাতেও অনুষ্ঠান শেষ করেন এই অভিনেতা। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে তিনি বিশ্রামে রয়েছেন বলে জানা গেছে।


























