জাবিতে নারী শিক্ষার্থীকে জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টা
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) এক নারী শিক্ষার্থীকে পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন জঙ্গলে টেনে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে এক বহিরাগতের বিরুদ্ধে।
মঙ্গলবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের আল-বেরুনী হলের বর্ধিতাংশ ও পরিত্যক্ত পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী বিশ্ববিদ্যালয়ের ৫১তম আবর্তনের এক শিক্ষার্থী বলে জানা গেছে।
ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত আনুমানিক ১১টা ২০ মিনিটের দিকে ওই শিক্ষার্থী ক্যাম্পাসের রাস্তা দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তি তাকে অনুসরণ করতে থাকেন। পরে পুরাতন ফজিলাতুন্নেছা হল সংলগ্ন সড়কে পৌঁছালে ওই ব্যক্তি তার গলায় রুমাল বা দড়িসদৃশ কিছু পেঁচিয়ে টেনে-হিঁচড়ে পাশের আল-বেরুনী হল এক্সটেনশন সংলগ্ন জঙ্গলে নিয়ে যান।
এ সময় মোটরসাইকেলে কয়েকজন শিক্ষার্থী ওই সড়ক দিয়ে যাওয়ার সময় ভুক্তভোগীর চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে এগিয়ে যান। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যান।
পরে ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীরা ওই নারী শিক্ষার্থীকে আতঙ্কিত অবস্থায় উদ্ধার করেন। তখন তার পায়ে স্যান্ডেল ছিল না এবং শরীর ও কাপড়ে মাটি লেগে ছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
ঘটনার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিসে খবর দেন। পরে নিরাপত্তা কর্মকর্তা ও প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। ভুক্তভোগীকে প্রাথমিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অভিযুক্তকে প্রাথমিকভাবে শনাক্ত করা হয়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীও তাকে শনাক্ত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম রাশিদুল আলম বলেন, বিষয়টি পুলিশকে জানানো হয়েছে এবং উপাচার্যের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক ও নিন্দনীয়। অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।


























