একসঙ্গে সিনেমা করলে দেশের চলচ্চিত্রের বড় অর্জন হবে: শুভ
আরিফিন শুভ জানিয়েছেন, ভারতীয় ওয়েব সিরিজ ‘জ্যাজ সিটি’তে কাজ করে তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করেছেন। সনি লিভে মুক্তিপ্রাপ্ত এই স্পাই থ্রিলার সিরিজে ‘জিমি রায়’ চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা পাচ্ছেন তিনি।
শুভ বলেন, চরিত্রটি তার কমফোর্ট জোনের বাইরে ছিল। ভিন্ন দেশ, ভাষা ও পরিবেশে কাজ করতে গিয়ে শুরুতে নার্ভাস লাগলেও নিজের সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করেছেন। সিরিজটিতে বাংলা, হিন্দি, উর্দু ও ইংরেজি— চার ভাষায় সংলাপ বলেছেন তিনি।
সম্প্রতি সামাজিক মাধ্যমে শাকিব খান ও আরিফিন শুভকে ঘিরে তুলনামূলক আলোচনা শুরু হলে এ বিষয়ে নিজের অবস্থানও পরিষ্কার করেন এই অভিনেতা। তার মতে, শিল্পীদের মধ্যে এক নম্বর-দুই নম্বরের প্রতিযোগিতা তৈরি করা ঠিক নয়। সিনেমার প্রতিযোগিতা সিনেমার সঙ্গেই হওয়া উচিত, অভিনেতার সঙ্গে অভিনেতার নয়।
আগামী ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে শুভ অভিনীত ‘মালিক’। একই সময়ে শাকিব খানের ‘রকস্টার’ সিনেমাও মুক্তি পাবে। তবে এসব তুলনা নিয়ে তিনি খুব একটা ভাবতে চান না। বরং দর্শকদের ভিন্ন ভিন্ন সিনেমা উপভোগের মানসিকতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
শুভ মনে করেন, দেশের বড় তারকারা একসঙ্গে একটি সিনেমায় কাজ করলে সেটি বাংলাদেশের চলচ্চিত্রের জন্য বিশাল অর্জন হবে। তিনি বলেন, শাকিব খান, সিয়াম, শরীফুল রাজ, মোশাররফ করিম ও চঞ্চল চৌধুরীর মতো তারকারা এক ফ্রেমে এলে দর্শকদের আগ্রহও বাড়বে।


























