হাম ইস্যুতে নীরব নই, আগেই প্রশ্ন তুলেছিলাম: তাসনিম জারা
চিকিৎসক ও জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. তাসনিম জারা বলেছেন, হামের প্রাদুর্ভাব নিয়ে তিনি নীরব ছিলেন—এমন প্রচার সম্পূর্ণ মিথ্যা। সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, দুটি রাজনৈতিক দলের কর্মীরা সংঘবদ্ধভাবে তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন।
তাসনিম জারা বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টার কর্মকাণ্ড নিয়ে তিনি ২০২৪ সালেই প্রশ্ন তুলেছিলেন। বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ধীরগতি ও অবহেলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন তিনি।
তিনি জানান, এক মাসেরও বেশি সময় ধরে বিভিন্ন সভা-সেমিনারে হাম পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এবং সম্ভাব্য সমাধান তুলে ধরেছেন। পাশাপাশি হামের প্রাদুর্ভাবের কারণ খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠনের দাবিও জানিয়েছেন।
তার ভাষায়, একটি গণস্বাস্থ্য সংকটকে রাজনৈতিক হাতিয়ার বানানো দুর্ভাগ্যজনক। শিশুদের জীবন ঝুঁকিতে থাকা অবস্থায় মিথ্যা প্রচারের বদলে সমাধানে এগিয়ে আসা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।


























