বিজয়কে নিয়ে ভক্তের প্রশ্নে লজ্জায় হাসলেন তৃষা
তামিল অভিনেত্রী তৃষা কৃষ্ণান আবারও আলোচনায় এসেছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়কে ঘিরে সম্পর্কের গুঞ্জনে। এবার ভক্তের এক প্রশ্নে লজ্জা পেয়ে হাসতে দেখা গেছে তাকে।
সম্প্রতি মুক্তি পাওয়া ‘করুপ্পু’ সিনেমার ফার্স্ট ডে-ফার্স্ট শো দেখতে প্রেক্ষাগৃহে হাজির হন তৃষা। সিনেমা শেষে হল থেকে বের হওয়ার সময় ভক্তরা তাকে ঘিরে ধরেন। এ সময় এক অনুরাগী চিৎকার করে বলেন, ‘থালাপতিকে বলবেন আমি তার খোঁজ নিয়েছি।’ এমন মন্তব্যে চারপাশে হাসির রোল পড়ে যায়।
ভক্তের কথায় মুচকি হেসে তৃষা জবাব দেন, ‘অবশ্যই।’ এরপর হাসিমুখে মাথা নিচু করে ফোনে ব্যস্ত হয়ে পড়েন তিনি। গাড়িতে ওঠার আগে ভক্তদের দিকে হাতও নাড়েন অভিনেত্রী।
ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর নতুন করে চর্চা শুরু হয়েছে বিজয়-তৃষার সম্পর্ক নিয়ে। সম্প্রতি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে বিজয়ের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃষা। সেখানে বিজয়ের পরিবারের অনেক সদস্য না থাকলেও মাকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী।
অনুষ্ঠানের কিছু ভিডিও ও ছবি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে। এক ভিডিওতে বিজয়ের বক্তব্য শুনে আবেগাপ্লুত হতে দেখা যায় তৃষাকে। এছাড়া বিজয়ের মা শোভা চন্দ্রশেখরের সঙ্গে তার উষ্ণ আলিঙ্গনের ছবিও নেটদুনিয়ায় আলোচনায় আসে।
এর মধ্যেই ইনস্টাগ্রামে একটি পোস্ট করে তৃষা লেখেন, ‘ভালোবাসার আওয়াজ সবসময়ই তীব্রতর হয়।’ সেই পোস্ট ঘিরেও নতুন জল্পনা তৈরি হয়েছে।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সঙ্গীতাকে বিয়ে করেন বিজয়। অন্যদিকে তৃষা এখনো অবিবাহিত। দীর্ঘদিন ধরেই তামিল ইন্ডাস্ট্রিতে তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন চলছে।


























