ছেলের সামনে মাকে হত্যা, কক্সবাজারে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা
ফেসবুকে ‘হা হা’ রিয়্যাক্ট দেওয়াকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ায় বিএনপি নেতাকর্মীদের হামলায় ছৈয়দা বেগম নামের এক নারী নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৮ মে) রাত ৮টার দিকে নিহতের ছেলে আব্দুর রহমান বাদী হয়ে উখিয়া থানায় মামলাটি দায়ের করেন। এতে ১০ জনের নাম উল্লেখ করে আরও ৭ থেকে ৮ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
শনিবার (১৬ মে) রাতে উপজেলার সদর এলাকার টাইপালং গ্রামে নিজের ছেলেকে প্রতিপক্ষের হামলা থেকে বাঁচাতে গিয়ে ঘটনাস্থলেই প্রাণ হারান স্থানীয় সব্বির আহমেদের স্ত্রী ছৈয়দা খাতুন (৫৫)।
উখিয়া থানার ওসি মুজিবুর রহমান বলেন, নিহতের ছেলের দেওয়া এজাহারের ভিত্তিতে মামলা নেওয়া হয়েছে। জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
মামলার বাদী আব্দুর রহমান বলেন, “আমার মাকে ওরা আমার সামনে মেরেছে। যাদের চোখে দেখেছি, তাদের নামই দিয়েছি। বিচার না হওয়া পর্যন্ত আইনি লড়াই চালিয়ে যাব।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয়রা বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচিও পালন করেছে।


























