ইরানের ড্রোন কারখানায় হামলার দাবি ট্রাম্পের
ইরানের ড্রোন তৈরির কারখানাগুলো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন স্থাপনাগুলোতে আঘাত হানছে যেখানে ড্রোন তৈরি করা হয়, যেসব ড্রোন ব্যবহার করে যুক্তরাষ্ট্রের স্থাপনা ও ইসরাইলের ওপর হামলা চালানো হচ্ছে।
এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প এসব কথা বলেন। সূত্র: আলজাজিরা।
ট্রাম্প দাবি করেন, বর্তমানে ইরানের হাতে খুব কম সামরিক শক্তি অবশিষ্ট রয়েছে এবং যুক্তরাষ্ট্র তাদের উৎপাদন সক্ষমতার বড় অংশ ধ্বংস করে দিয়েছে।
তিনি আরও বলেন, ইরানের ড্রোন সক্ষমতাও উল্লেখযোগ্যভাবে কমে গেছে এবং তা আগের তুলনায় প্রায় ২০ শতাংশে নেমে এসেছে। গতকাল থেকেই যুক্তরাষ্ট্র সেইসব স্থাপনায় হামলা চালাচ্ছে যেখানে এসব ড্রোন তৈরি করা হয়।
প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান পাল্টা আক্রমণ শুরু করে। এতে ইসরাইলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়।
এই সংঘাতে কয়েকজন মার্কিন সেনা নিহত হয়েছেন। অন্যদিকে হামলায় হাজারেরও বেশি ইরানি নাগরিকও নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।





















