ইরান হামলার বিপক্ষে যুক্তরাষ্ট্রের ৫৯% নাগরিক: জরিপ
ইরানের বিরুদ্ধে সামরিক হামলার সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের অধিকাংশ নাগরিক সমর্থন দিচ্ছেন না। সিএনএনের এক সাম্প্রতিক জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৫৯ শতাংশ মার্কিনি ইরানে হামলার বিরোধিতা করছেন, বিপরীতে ৪১ শতাংশ এই পদক্ষেপকে সমর্থন জানিয়েছেন।
এসএসআরএস পরিচালিত এই জরিপে অংশ নেওয়া অধিকাংশ নাগরিক মনে করেন, এই সংঘাত দ্রুত শেষ হবে না। জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ মার্কিনি আশঙ্কা করছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদি সামরিক সংঘাত শুরু হতে পারে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, তিনি চার সপ্তাহের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা করেছিলেন এবং সে লক্ষ্য অর্জনে তারা নির্ধারিত সময়ের আগেই এগোচ্ছেন।
জরিপে আরও দেখা গেছে, ৬২ শতাংশ মার্কিনি মনে করেন, যেকোনো সামরিক পদক্ষেপের আগে কংগ্রেসের অনুমোদন নেওয়া উচিত। এছাড়া ৬০ শতাংশ নাগরিকের ধারণা, বর্তমান পরিস্থিতি মোকাবিলায় প্রেসিডেন্টের কাছে স্পষ্ট কোনো পরিকল্পনা নেই।
ইরানে স্থল সেনা পাঠানোর প্রশ্নেও জনমত নেতিবাচক। মাত্র ১২ শতাংশ নাগরিক সেনা পাঠানোর পক্ষে মত দিয়েছেন, বিপরীতে ৬০ শতাংশ এ ধরনের সিদ্ধান্তের বিরোধিতা করেছেন।
রাজনৈতিক বিভাজনও জরিপে স্পষ্ট। রিপাবলিকানদের মধ্যে ৭৭ শতাংশ হামলার পক্ষে থাকলেও ডেমোক্র্যাটদের মধ্যে এই হার মাত্র ১৮ শতাংশ। রিপাবলিকানদের মধ্যেও ‘মাগা’ সমর্থক ও সাধারণ সমর্থকদের মধ্যে মতপার্থক্য রয়েছে।
অনেকেই মনে করছেন, এই হামলার ফলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ঝুঁকি আরও বাড়তে পারে। বিশ্লেষকদের মতে, জনমতের এই নেতিবাচক প্রবণতা আগামী কংগ্রেস নির্বাচনে ট্রাম্পের দলের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
উল্লেখ্য, ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এতে বহু হতাহতের ঘটনা ঘটে।
সূত্র: সিএনএন।





















