ভিডিও বার্তায় ট্রাম্পকে ইরানি সামরিক মুখপাত্রের ব্যতিক্রমী উপহাস
ইরানের খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের সামরিক মুখপাত্র ইব্রাহিম জোলফাগারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-কে উদ্দেশ করে এক ব্যতিক্রমী ও বিদ্রূপাত্মক মন্তব্য করেছেন, যা আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।
হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত করার বিষয়ে যুক্তরাষ্ট্রের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার প্রেক্ষাপটে তিনি এই বক্তব্য দেন।
ইংরেজিতে রেকর্ড করা এক ভিডিও বার্তায় জোলফাগারি সরাসরি ট্রাম্পকে উদ্দেশ করে বলেন, “হে ট্রাম্প, ইউ আর ফায়ার্ড!”—অর্থাৎ, “তোমাকে বরখাস্ত করা হলো।” এরপর তিনি যোগ করেন, এই বাক্যটির সঙ্গে ট্রাম্প নিজেই খুব পরিচিত এবং বিষয়টি মনোযোগ দিয়ে দেখার জন্য তাকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য, ‘ইউ আর ফায়ার্ড’ বাক্যটি ট্রাম্পের জনপ্রিয় রিয়েলিটি শো The Apprentice-এর বহুল পরিচিত সংলাপ, যা ব্যবহার করে তাকে বিদ্রূপ করা হয়েছে।
এই মন্তব্যের পেছনে রয়েছে তীব্র ভূ-রাজনৈতিক উত্তেজনা। যুক্তরাষ্ট্র সতর্ক করেছিল, হরমুজ প্রণালি অবরোধমুক্ত না করা হলে তারা ইরানের জ্বালানি অবকাঠামোর ওপর হামলা চালাতে পারে। এর জবাবে ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে—এ ধরনের কোনো পদক্ষেপ নেওয়া হলে কঠোর ও প্রতিশোধমূলক হামলা চালানো হবে।
পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও ব্যক্তিগত আক্রমণের এই ঘটনা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে এবং পরিস্থিতিকে আরও অনিশ্চিত করে তুলেছে।





















