পাকিস্তানের বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি নিহত
পাকিস্তানের সামরিক বাহিনীর বিমান হামলায় আফগানিস্তানে ৮০ জনের বেশি জঙ্গি নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। রোববার পাকিস্তানের সামরিক বাহিনীর একটি সূত্র ফরাসি বার্তা সংস্থা এএফপিকে এ তথ্য জানিয়েছে। হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছেন বলেও জানানো হয়।
ইসলামাবাদের একটি নিরাপত্তা সূত্র জানিয়েছে, রাতভর পরিচালিত এই বিমান অভিযানে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। গত কয়েক সপ্তাহে পাকিস্তানের বিভিন্ন এলাকায় সংঘটিত আত্মঘাতী বোমা হামলার জবাবে আফগানিস্তানভিত্তিক একাধিক জঙ্গি গোষ্ঠীকে লক্ষ্য করে রোববার এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান।
তবে পাকিস্তানের এ দাবির বিষয়ে আফগানিস্তানে হতাহতের সংখ্যা স্বাধীনভাবে যাচাই করা যায়নি বলে জানিয়েছে এএফপি। এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যম এআরওয়াই নিউজ জানিয়েছে, রোববার ভোরে আফগানিস্তানের নানগরহার, পাকতিকা ও খোস্ত প্রদেশে জঙ্গিদের আস্তানায় বিমান হামলা চালানো হয়।
পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের দাবি, আফগানিস্তানে পরিচালিত এ অভিযানে ‘ফিতনা আল-খাওয়ারিজ’-এর ৮০ জনের বেশি সদস্য নিহত হয়েছেন। তারা আরও আশঙ্কা প্রকাশ করেছেন যে, হতাহতের সংখ্যা বাড়তে পারে।
অভিযানের সময় পাকিস্তানের নিষিদ্ধঘোষিত জঙ্গিগোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সংশ্লিষ্ট সাতটি জঙ্গি আস্তানা ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদের সূত্রগুলো।
ধ্বংস হওয়া কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে—নানগরহারের নিউ সেন্টার নম্বর–১ ও নিউ সেন্টার নম্বর–২, খোস্তের মোলভি আব্বাস সেন্টার, নানগরহারের ইসলাম সেন্টার ও ইব্রাহিম সেন্টার, পাকতিকার মোল্লা রাহবার সেন্টার এবং মুখলিস ইয়ার সেন্টার।
একাধিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, সীমান্তবর্তী অঞ্চলে জঙ্গিদের উপস্থিতি ও কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এসব হামলা পরিচালনা করা হয়েছে। অভিযানের পর ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন ও গোয়েন্দা তথ্য যাচাই শেষে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে তারা।
সূত্র: এএফপি, এআরওয়াই নিউজ।





















