পদ্মার দুই কাতলের দাম ৮৬ হাজার ৭০০ টাকা
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পদ্মা নদীতে জেলের জালে বিশাল আকারের দুটি কাতল মাছ ধরা পড়েছে, যা মোট ৮৬ হাজার ৭০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকালে দৌলতদিয়া একতা মৎস্য আড়তে নিলামের মাধ্যমে মাছ দুটি কিনে নেন ব্যবসায়ী চান্দু মোল্লা। পরে তিনি ঢাকার এক শিল্পপতির কাছে মাছ দুটি বিক্রি করেন।
জানা গেছে, মাছ দুটি যথাক্রমে ২৫ কেজি ৫০০ গ্রাম ও ১৭ কেজি ওজনের ছিল। জেলে বাবু সরদার ও জামাল প্রামানিক পদ্মা ও যমুনা নদীর মোহনায় জাল ফেলে মাছ দুটি ধরেন।
নিলামে সাড়ে ২৫ কেজি ওজনের কাতল মাছটি প্রতি কেজি ২১০০ টাকা দরে ৫৩ হাজার ৫৫০ টাকায় এবং ১৭ কেজির মাছটি প্রতি কেজি ১৭০০ টাকা দরে ২৮ হাজার ৯০০ টাকায় কেনা হয়। পরে ফেসবুকে ছবি ও ভিডিও দেখে ঢাকার গুলশানের এক শিল্পপতি মাছ দুটি কিনতে আগ্রহ প্রকাশ করেন। পরবর্তীতে কেজিপ্রতি ১০০ টাকা বেশি দরে মোট ৮৬ হাজার ৭০০ টাকায় বিক্রি করা হয়।
স্থানীয় জেলেরা জানান, পদ্মা-যমুনা নদীতে বড় মাছ ধরা পড়লেও জ্বালানি সংকটের কারণে তারা নিয়মিত মাছ ধরতে পারছেন না। সঠিকভাবে জাল ফেলতে পারলে আরও মাছ পাওয়া সম্ভব হতো বলে তাদের ধারণা।
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, এই এলাকায় বড় মাছ ধরা পড়ার ঘটনা নিয়মিতই ঘটছে। যদি এখানে অভয়াশ্রম গড়ে তোলা যায়, তাহলে মাছের প্রজনন বাড়বে এবং উৎপাদন আরও বৃদ্ধি পাবে।





















