কেঁপে উঠলো মালয়েশিয়া ৭.১ মাত্রার ভূমিকম্পে
মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলবর্তী এলাকায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা নির্ধারণ করা হয়েছে ৭.১।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় রাত ১২টা ৫৭ মিনিটে কম্পনটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল সাবাহর রাজধানী কোটা কিনাবলু শহর থেকে ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) কম উত্তর-পূর্ব দিকে। ভূপৃষ্ঠের প্রায় ৬১৯.৮ কিলোমিটার গভীরে এ কম্পনের উৎপত্তি।
ইউএসজিএসের তথ্য অনুযায়ী, ভূমিকম্পটি গভীর স্তরে সংঘটিত হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কা তুলনামূলক কম। একই সঙ্গে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানায়, এ ঘটনায় কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। গভীর সমুদ্রতলে উৎপত্তি হওয়ায় সুনামির ঝুঁকিও নেই বলে তারা স্পষ্ট করেছে।
অন্যদিকে, মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর ভূমিকম্পটির মাত্রা ৬.৮ হিসেবে রেকর্ড করেছে। সংস্থাটি আরও জানিয়েছে, সাবাহর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি মাত্রার কম্পন অনুভূত হয়েছে।





















