দক্ষিণ লেবাননে ইসরাইলি বাহিনীর ওপর হিজবুল্লাহর তীব্র হামলা।
দক্ষিণ লেবাননে অবস্থানরত ইসরাইলি বাহিনীর বিরুদ্ধে হামলার মাত্রা বাড়িয়েছে হিজবুল্লাহ। বুধবার (৬ মে) এক বিবৃতিতে গোষ্ঠীটি জানায়, লেবাননের ভূখণ্ডে অনুপ্রবেশকারী ইসরাইলি সেনাদের লক্ষ্য করে তারা ১৭টি পৃথক হামলা চালিয়েছে।
হিজবুল্লাহ জানিয়েছে, এসব হামলায় ড্রোন ও রকেট ব্যবহার করা হয়েছে। আল-কান্তারা, আল-বায়াদাহ, আল-তায়বে, নাকুরা, রিশাফ ও আয়তা আল-শাব এলাকায় অবস্থানরত ইসরাইলি সেনা ও সামরিক যানবাহনকে লক্ষ্য করে হামলাগুলো চালানো হয়।
গোষ্ঠীটির দাবি, হামলার মূল উদ্দেশ্য ছিল ইসরাইলি বাহিনীর অবস্থান ও সমাবেশস্থল ধ্বংস করা।
প্রত্যক্ষ হামলার পাশাপাশি ইসরাইলি সামরিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছে হিজবুল্লাহ। আল-কুজা এলাকায় একটি সেনা বহনকারী যান ড্রোন হামলায় আঘাতপ্রাপ্ত হয়।
এ ছাড়া আল-কান্তারা এলাকায় ইসরাইলি বাহিনীর নতুন নির্মিত একটি কমান্ড সেন্টার ড্রোন হামলায় ধ্বংস করার দাবি করেছে গোষ্ঠীটি।
হিজবুল্লাহ বলছে, দক্ষিণ লেবাননে ইসরাইলি আগ্রাসনের জবাব দিতেই এই পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হয়েছে। চলমান পাল্টাপাল্টি হামলায় সীমান্তজুড়ে উত্তেজনা আরও বেড়েছে।
সূত্র: আল-জাজিরা।





















