পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পরও আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করার ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির সম্ভাবনা নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ মে) রাত ১২টায় সাংবিধানিকভাবে বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে। অন্যদিকে বিজেপি ঘোষণা দিয়েছে, তারা আগামী ৯ মে রবীন্দ্র জন্মজয়ন্তীর দিন নতুন সরকার গঠন করে শপথ নেবে।
আইন বিশেষজ্ঞদের মতে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগ না করেন, তাহলে ৮ মে শুক্রবার রাজ্যে সাময়িকভাবে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে।
ভারতের সাংবিধানিক রীতি অনুযায়ী, নির্বাচনে পরাজয় নিশ্চিত হলে মুখ্যমন্ত্রী রাজ্যপালের কাছে পদত্যাগপত্র জমা দেন। এরপর নতুন সরকার শপথ নেওয়া পর্যন্ত বিদায়ী মুখ্যমন্ত্রী কেয়ারটেকার সরকারের দায়িত্ব পালন করেন।
তবে পশ্চিমবঙ্গে এখনো সেই প্রক্রিয়া অনুসরণ করা হয়নি। ফলে রাজনৈতিক ও সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভারতীয় সংবিধানের ১৭২ অনুচ্ছেদ অনুযায়ী, সরকারের মেয়াদ শেষ হওয়ার পর বিদায়ী সরকার আর দায়িত্বে থাকতে পারে না। সে কারণে রাত ১২টা ১ মিনিটের পর নতুন সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসনের পথ খুলে যেতে পারে বলে মত দিয়েছেন প্রবীণ আইনজ্ঞরা।
এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনি আধিকারিক ইতোমধ্যে নবনির্বাচিত ২৯৩ জন বিধায়কের গেজেট নোটিফিকেশন রাজ্যপালের কাছে হস্তান্তর করেছেন। এখন সংখ্যাগরিষ্ঠ দলকে সরকার গঠনের আমন্ত্রণ জানাবেন রাজ্যপাল।





















