জ্বালানি সাশ্রয়ে ‘ওয়ার্ক ফ্রম হোমের’ আহ্বান মোদির।
ইরান যুদ্ধের কারণে বৈশ্বিক জ্বালানি সংকটের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্মীদের ঘরে বসে কাজ করার আহ্বান জানিয়েছেন।
তেলেঙ্গানায় এক অনুষ্ঠানে তিনি বলেন, জ্বালানি সাশ্রয় ও আমদানি নির্ভরতা কমাতে আবারও ‘ওয়ার্ক ফ্রম হোম’, অনলাইন কনফারেন্স ও ভার্চুয়াল মিটিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে।
মোদি বলেন, বৈশ্বিক সংকটের এই সময়ে পেট্রল ও ডিজেল সাশ্রয় করা বড় দায়িত্ব। তিনি মেট্রো, গণপরিবহন ও কার পুলিং ব্যবহারেরও পরামর্শ দেন।
প্রধানমন্ত্রীর এই বক্তব্যের পর ভারতের কর্পোরেট অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকেই মনে করছেন, প্রয়োজনে আবারও কোভিড-পরবর্তী কর্মপদ্ধতিতে ফেরা সম্ভব।
এইচআর বিশেষজ্ঞ যোগীশ আরোরা বলেন, ওয়ার্ক ফ্রম হোম কর্মীদের চাপ কমায় এবং সময় ব্যবস্থাপনা উন্নত করে।
তবে টিমলিজ সার্ভিসেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট বালাসুব্রামানিয়ান মনে করেন, সব খাতে রিমোট কাজ কার্যকর নয়। প্রতিষ্ঠানগুলো কেবল প্রয়োজনীয় ক্ষেত্রেই এটি চালু করবে।
অন্যদিকে ইনরিক্রুটারের প্রতিষ্ঠাতা অনিল আগারওয়াল বলেন, প্রযুক্তি ও অবকাঠামোর সীমাবদ্ধতার কারণে ক্ষুদ্র ব্যবসা ও উৎপাদন খাতে এখনো পুরোপুরি রিমোট কাজ সম্ভব নয়।





















