চীন সফরে ট্রাম্প, আলোচনায় ইরান-এআই-বাণিজ্য ইস্যু।
তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী বুধবার (১৩ মে) চীন যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
হোয়াইট হাউস সূত্র জানিয়েছে, সফরকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি, ইরান ইস্যু, যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য সম্পর্ক এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি নিয়ে আলোচনা হতে পারে।
বিশেষ করে ইরানের ওপর চীনের প্রভাব কাজে লাগিয়ে শান্তি প্রক্রিয়া এগিয়ে নিতে ওয়াশিংটন চাপ দিতে পারে বলে জানা গেছে।
এছাড়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং রাশিয়ার কাছে চীনের সম্ভাব্য প্রযুক্তি ও সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।
দুই দেশের দীর্ঘদিনের বাণিজ্য যুদ্ধ, শুল্ক নীতি এবং বাণিজ্য বিরতির মেয়াদ বাড়ানো নিয়েও আলোচনা হতে পারে।
এআই প্রযুক্তির সামরিক ব্যবহার নিয়ন্ত্রণে যৌথ নীতিমালা তৈরির বিষয়ও আলোচনায় গুরুত্ব পেতে পারে।
সফরে ট্রাম্প বেইজিংয়ের ঐতিহাসিক ‘টেম্পল অফ হেভেন’ পরিদর্শন করবেন এবং রাষ্ট্রীয় ভোজসভায় অংশ নেবেন।
উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে গত মার্চে নির্ধারিত এই সফর পিছিয়ে দেওয়া হয়েছিল।





















