ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা বাতিলের দাবি থালাপতির
ভারতে অভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে আবারও তীব্র বিতর্ক শুরু হয়েছে। প্রশ্নপত্র ফাঁস ও পরীক্ষা বাতিলের ঘটনায় কেন্দ্রীয় সরকারের সমালোচনা করে এই পরীক্ষা পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়।
সামাজিকমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, ডাক্তারি, দন্তচিকিৎসা ও আয়ুষ কোর্সে ভর্তি উচ্চমাধ্যমিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে হওয়া উচিত।
বিজয়ের অভিযোগ, বারবার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা শিক্ষাব্যবস্থার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে। তিনি বলেন, গত বছরও একাধিক রাজ্যে একই ধরনের অভিযোগ উঠেছিল এবং তদন্তভার কেন্দ্রীয় সংস্থার হাতে গেলেও পরিস্থিতির কোনো উন্নতি হয়নি।
তার মতে, একদিনের পরীক্ষার ওপর পুরো ভবিষ্যৎ নির্ভর করার পরিবর্তে শিক্ষার্থীদের ধারাবাহিক শিক্ষাগত ফলাফলকে বেশি গুরুত্ব দেওয়া উচিত।
তিনি আরও বলেন, কোচিংনির্ভর বর্তমান পদ্ধতিতে প্রকৃত মেধার সঠিক মূল্যায়ন হচ্ছে না এবং গ্রামীণ ও আঞ্চলিক ভাষার শিক্ষার্থীরা বৈষম্যের শিকার হচ্ছে।
তামিলনাড়ুর রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরেই অভিন্ন মেডিকেল ভর্তি পরীক্ষার বিরোধিতা করে আসছে। তাদের দাবি, এই পদ্ধতি শহুরে ও ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের অতিরিক্ত সুবিধা দেয়।
এর আগে রাজ্য সরকার এই পরীক্ষা থেকে ছাড় চেয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল। একইসঙ্গে রাজ্য বিধানসভায় একটি বিরোধী বিলও পাস করা হয়, যা এখনো রাষ্ট্রপতির অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
সাম্প্রতিক প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের পর দেশজুড়ে পরীক্ষাব্যবস্থা সংস্কারের দাবিও জোরালো হয়েছে। বিভিন্ন ছাত্র সংগঠন শুধু পরীক্ষা বাতিল নয়, পুরো ব্যবস্থার পরিবর্তনের দাবি জানিয়েছে।
তবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এখনো এ বিষয়ে বিস্তারিত কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।





















