যুক্তরাষ্ট্র পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’কে সমর্থন দিলো
আফগানিস্তানের তালেবান হামলার প্রেক্ষিতে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’কে সমর্থন জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ই-মেইল বার্তায় এ সমর্থন জানান। খবর জিও নিউজের।
এর আগে ইসলামাবাদ দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘প্রকাশ্য যুদ্ধ’ ঘোষণা করে। আফগান তালেবান জানায়, পাকিস্তান তাদের ওপর বোমা হামলা চালিয়েছে, তবুও তারা আলোচনায় বসতে প্রস্তুত।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বলেন, “তালেবান একটি ঘোষিত বৈশ্বিক সন্ত্রাসী গোষ্ঠী। তাদের হামলার বিরুদ্ধে পাকিস্তানের আত্মরক্ষার অধিকার যুক্তরাষ্ট্র সমর্থন করে।” মার্কিন কূটনীতিক আলিসন হুকার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছেন, তিনি পাকিস্তানের পররাষ্ট্রসচিব আমনা বালোচের সঙ্গে কথা বলেছেন।
মুখপাত্র আরও বলেন, পাকিস্তান ও আফগান তালেবানের মধ্যে সংঘর্ষ ও উত্তেজনা বৃদ্ধির বিষয়ে ওয়াশিংটন অবগত রয়েছে এবং প্রাণহানির ঘটনায় তারা দুঃখ প্রকাশ করেছে। বিবৃতিতে বলা হয়, তালেবান তাদের সন্ত্রাসবিরোধী অঙ্গীকার রক্ষা করতে ব্যর্থ হয়েছে এবং বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী আফগানিস্তানকে হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করছে।
২৬ ফেব্রুয়ারি থেকে নতুন করে সংঘর্ষে যুক্ত পাকিস্তান জানিয়েছে, ‘অপারেশন গজব-লিল হক’-এ ২৭৪ তালেবান ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। পরিস্থিতি এখনও উত্তেজনাপূর্ণ অবস্থায় রয়েছে।





















