মধ্যপ্রাচ্যের ৪ দেশে থাকা বাংলাদেশিদের বিশেষ সতর্কবার্তা, হটলাইন চালু
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও হামলা-পাল্টা হামলার প্রেক্ষাপটে কুয়েত, আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থানরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে সংশ্লিষ্ট দেশগুলোতে থাকা বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বরও চালু করা হয়েছে।
ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা এবং পাল্টা প্রতিক্রিয়ার জেরে অঞ্চলে যুদ্ধাবস্থা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে দূতাবাসগুলো।
কাতারে বিশেষ নির্দেশনা
কাতারের দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস জরুরি বিজ্ঞপ্তিতে জানায়, দেশটিতে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশিকে নিরাপত্তার স্বার্থে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকতে হবে এবং নিজ নিজ বাসা বা নিরাপদ স্থানে অবস্থান করতে হবে।
পরিস্থিতি বিবেচনায় প্রবাসীদের সবসময় সঙ্গে রাখতে বলা হয়েছে—
- নগদ অর্থ
- কাতার আইডি
- হেলথ কার্ড
- প্রয়োজনীয় ওষুধ
- মোবাইল চার্জার
- শুকনো খাবারসহ প্রয়োজনীয় সামগ্রী
অতি প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার অনুরোধও জানানো হয়েছে।
দূতাবাস আরও জানিয়েছে, কাতারের প্রচলিত আইন মেনে চলতে হবে এবং সরকার ঘোষিত নির্দেশনা অনুসরণ করতে হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে সংশ্লিষ্ট কোনো ছবি বা ভিডিও শেয়ার না করার জন্য সতর্ক করা হয়েছে। সংযত ও দায়িত্বশীল আচরণের আহ্বানও জানানো হয়।
অন্যান্য দেশেও সতর্কতা
একই ধরনের সতর্কবার্তা জারি করেছে আরব আমিরাত, বাহরাইন ও ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। খোলা আকাশের নিচে অবস্থান না করা এবং বড় সমাবেশ বা জামায়াতে অংশ না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জরুরি হটলাইন নম্বর
কাতার
📞 +৯৭৪৩৩৬৬২০০০
✉ mission.doha@mofa.gov.bd
বাহরাইন
📞 +৯৭৩৩৩৩৭৫১৫৫
✉ mission.manama@mofa.gov.bd
আরব আমিরাত
📞 +৯৭১২৪৪৬৫১০০
✉ mission.abudhabi@mofa.gov.bd
ইরাক
📞 +৯৬৪৭৮২৭৮৮৩৬৮০
✉ mission.baghdad@mofa.gov.bd
প্রবাসীদের যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।





















