ভূমধ্যসাগরে প্রবেশ করেছে মার্কিন বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড
মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র অঞ্চলটিতে বড় ধরনের সামরিক উপস্থিতি জোরদার করছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সম্ভাব্য পদক্ষেপের কথা বিবেচনায় রেখে অতিরিক্ত সমরাস্ত্র মোতায়েনের নির্দেশ দিয়েছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে।
নির্ভরযোগ্য মেরিটাইম ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিশ্বের বৃহত্তম বিমানবাহী রণতরী ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড ভূমধ্যসাগরে প্রবেশ করেছে। ২০০৩ সালে ইরাক যুদ্ধের আগে যুক্তরাষ্ট্র যে মাত্রার সামরিক প্রস্তুতি নিয়েছিল, এরপর মধ্যপ্রাচ্যে এত বড় সমরাস্ত্র সমাবেশ খুব কমই দেখা গেছে বলে বিশ্লেষকদের মত।
ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে একাধিক দফায় আলোচনা চলমান থাকলেও একই সময়ে অঞ্চলটিতে দ্বিতীয় একটি বিমানবাহী রণতরী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র। ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড সেই পরিকল্পনার অংশ হিসেবেই অগ্রসর হচ্ছে।
মেরিটাইম ট্র্যাকিং ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, রণতরীটির ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের অন্তর্ভুক্ত আর্লি বার্ক-ক্লাস ডেস্ট্রয়ার ইউএসএস মাহান জিব্রাল্টার প্রণালী অতিক্রম করে ভূমধ্যসাগরে প্রবেশ করেছে।
ধারণা করা হচ্ছে, জেরাল্ড আর. ফোর্ড ও তার বহর মধ্যপ্রাচ্যের কার্যকর অবস্থানে পৌঁছাতে আরও কয়েক দিন সময় নিতে পারে।
সূত্র: টাইমস অব ইসরাইল।





















