ওমান ছাড়তে মার্কিন কূটনীতিকদের নির্দেশ
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি তীব্র হওয়ায় ওমানে কর্মরত জরুরি নয় এমন মার্কিন সরকারি কর্মচারী ও তাদের পরিবারের সদস্যদের দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। শুক্রবার এমন নির্দেশনা জারি করে ওয়াশিংটন। খবর এএফপি।
মার্কিন পররাষ্ট্র দপ্তর এক সতর্কবার্তায় জানিয়েছে, ইরান থেকে সম্ভাব্য ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঝুঁকি এখনো রয়েছে। পাশাপাশি বাণিজ্যিক বিমান চলাচলেও বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে, যা যাত্রীদের নিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে।
ওমানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, প্রতিবেশী দেশগুলোর ওপর ইরানের প্রতিশোধমূলক হামলার প্রেক্ষাপটে উত্তর ওমানে একটি ড্রোন হামলায় দুই ব্যক্তি নিহত হয়েছেন।
এর আগে গত ৯ মার্চ মধ্যপ্রাচ্যে ইরান ও তার মিত্রদের সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় তুরস্ক ও সৌদি আরব থেকেও কিছু মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছিল যুক্তরাষ্ট্র।
ট্রাম্প প্রশাসন দক্ষিণ তুরস্কের আদানায় অবস্থিত মার্কিন কনসুলেটের জরুরি নয় এমন কর্মী ও তাদের পরিবারের সদস্যদের দ্রুত এলাকা ত্যাগ করতে বলেছে। এর আগের দিন সৌদি আরবেও একই ধরনের নির্দেশনা দেওয়া হয়েছিল।
গত এক সপ্তাহ ধরে চলমান সংঘাতের মধ্যে ইরানের পক্ষ থেকে সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার হুমকি আসায় যুক্তরাষ্ট্র এই সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।





















