ইরান গ্রেফতার করল ইসরাইলের জন্য তথ্য পাচারের অভিযোগে ২০ জন
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চল থেকে ২০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইসরাইলের জন্য গোয়েন্দাগিরি ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ তথ্য পাচার করছিল। বিষয়টি জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি, পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর অফিসের বরাত দিয়ে।
প্রসিকিউটরের বিবৃতিতে বলা হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা ইরানের সামরিক ও নিরাপত্তা স্থাপনাগুলোর অবস্থান সংক্রান্ত সংবেদনশীল তথ্য ইসরাইলি গোয়েন্দা সংস্থার কাছে পাঠাচ্ছিল। এ ধরনের ভাড়াটে নেটওয়ার্কের মাধ্যমে সামরিক, আইন প্রয়োগকারী ও নিরাপত্তা সংক্রান্ত তথ্য শত্রুপক্ষের কাছে পৌঁছে দিচ্ছিল। আদালতের নির্দেশনা অনুযায়ী এই নেটওয়ার্কের সঙ্গে জড়িত ২০ জনকে আটক ও হেফাজতে নেওয়া হয়েছে।
গত সপ্তাহে রয়টার্স জানিয়েছিল, ইসরাইল ইরানের বিরুদ্ধে তাদের অভিযানের একটি নতুন পর্যায় শুরু করেছে, যেখানে মাঠ পর্যায়ের তথ্যদাতাদের মাধ্যমে নিরাপত্তা চৌকি ও কৌশলগত স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরানের এই গ্রেফতার অভিযানকে সেই নেটওয়ার্ক ভেঙে ফেলার প্রচেষ্টা হিসেবে দেখছে তেহরান।





















