মধ্যপ্রাচ্যে ৩ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। রোববার (১৫ মার্চ) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ফার্সের প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরাকের এরবিলে অবস্থিত আল-হারির বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের বাহিনীর একটি ‘সমাবেশ কেন্দ্র’ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। পাশাপাশি কুয়েতে অবস্থিত আলি আল সালেম ও আরিফজান ঘাঁটিতেও শক্তিশালী ইরানি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে আঘাত হানা হয়েছে বলে দাবি করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়, এসব হামলা ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৫২তম ধাপের অংশ। ইরানের শিল্পাঞ্চলে কর্মীদের হত্যার প্রতিশোধ হিসেবে এই অভিযান চালানো হয়েছে বলেও দাবি করা হয়।
এছাড়া বিবৃতিতে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে হুমকি দিয়ে বলা হয়, ‘যদি তিনি এখনও জীবিত থাকেন, তবে আমরা সর্বশক্তি দিয়ে তাকে খুঁজে বের করে হত্যার চেষ্টা চালিয়ে যাব।’





















