হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাবে না অস্ট্রেলিয়া
হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানের পর অস্ট্রেলিয়া জানিয়েছে, তারা এই অঞ্চলে কোনো যুদ্ধজাহাজ পাঠাবে না। অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ক্যাথরিন কিং এবিসি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে সরকারের এই অবস্থান তুলে ধরেন।
তিনি বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই এবং এ বিষয়ে তারা কোনো আনুষ্ঠানিক অনুরোধও পায়নি।
ক্যাথরিন কিং জানান, ওই অঞ্চলে অস্ট্রেলিয়ার ভূমিকা ও সহায়তা নির্দিষ্টভাবে পরিচালিত হচ্ছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাতকে (ইউএই) কেন্দ্র করে প্রতিরক্ষা সহায়তা দেওয়া হচ্ছে। বিশেষ করে সেখানে অবস্থানরত বিপুল সংখ্যক অস্ট্রেলীয় নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় বিমান সহায়তা প্রদান করা হচ্ছে।
তবে হরমুজ প্রণালিতে সরাসরি কোনো সামরিক জাহাজ মোতায়েনের সম্ভাবনা তিনি নাকচ করে দেন।
অস্ট্রেলিয়ার এই সিদ্ধান্ত এমন সময়ে এসেছে যখন যুক্তরাষ্ট্র বিশ্বের গুরুত্বপূর্ণ এই জলপথটি সচল রাখতে আন্তর্জাতিক সহযোগিতা চাচ্ছে। এর আগে জাপানও একইভাবে এই অঞ্চলে যুদ্ধজাহাজ না পাঠানোর ঘোষণা দিয়েছিল। ফলে হরমুজ প্রণালির নিরাপত্তায় আন্তর্জাতিক সামরিক জোট গঠনের উদ্যোগ নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে।
সূত্র: আলজাজিরা।





















