যুদ্ধবিরতির প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র, প্রত্যাখ্যান ইরানের
যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছে ইরান। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি।
মঙ্গলবার (১৭ মার্চ) রয়টার্স এক প্রতিবেদনে জানায়, মধ্যস্থতাকারী দুটি দেশের মাধ্যমে পাঠানো যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা কমানো বা যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার প্রস্তাব খামেনি প্রত্যাখ্যান করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শীর্ষ ইরানি কর্মকর্তা জানান, সর্বোচ্চ নেতা হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথম পররাষ্ট্রনীতি বিষয়ক বৈঠকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বিষয়ে খামেনির অবস্থান ছিল ‘অত্যন্ত কঠোর ও গুরুতর’। তবে তিনি সশরীরে ওই অধিবেশনে উপস্থিত ছিলেন কি না, তা স্পষ্ট নয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ‘শান্তির জন্য এটি সঠিক সময় নয়’—যতক্ষণ না যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ‘নতজানু করা হয়, তারা পরাজয় মেনে নেয় এবং ক্ষতিপূরণ দেয়’, ততক্ষণ পর্যন্ত যুদ্ধবিরতির প্রশ্নই ওঠে না বলে মন্তব্য করেছেন খামেনি।
ইরানের রাষ্ট্রীয় বিষয়গুলোতে সর্বোচ্চ নেতাই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা রাখেন। তবে তার বাবা সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হওয়ার পর থেকে মোজতবা খামেনির কোনো নতুন ছবি প্রকাশ করা হয়নি।
কিছু ইরানি কর্মকর্তার দাবি, যে হামলায় তার বাবা নিহত হন সেখানে তিনি সামান্য আহত হয়েছেন। অন্যদিকে মার্কিন কর্মকর্তারা দাবি করছেন, ওই হামলায় তিনি গুরুতর আহত হয়েছেন।
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ তৃতীয় সপ্তাহে প্রবেশ করার প্রেক্ষাপটে এই মন্তব্য সামনে এলো। এ সংঘাতে এখন পর্যন্ত অন্তত দুই হাজার মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং পরিস্থিতি শান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
রয়টার্সের তথ্যমতে, ১৪ মার্চ তিনটি সূত্র জানায়, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যের মিত্র দেশগুলোর পক্ষ থেকে যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনা শুরুর প্রচেষ্টাও প্রত্যাখ্যান করেছে। এদিকে হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় জ্বালানির দাম ও বৈশ্বিক মুদ্রাস্ফীতি নিয়ে উদ্বেগ বাড়ছে।
অন্যদিকে ইসরাইল বেশ কয়েকটি উচ্চপর্যায়ের হামলার দাবি করেছে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ জানিয়েছেন, রাতভর চালানো এক হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা প্রধান আলী লারিজানি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি ইরান।
সূত্র: ইকোনমিক টাইমস।





















