অবৈধ যুদ্ধ প্রত্যাখ্যানের আহ্বান ইরানের
ইরান বিশ্বাস করছে, বিবেকবান মার্কিন নাগরিক ও কর্মকর্তারা ইরানের বিরুদ্ধে চলমান যুক্তরাষ্ট্র-ইসরাইলের সামরিক আগ্রাসনকে প্রত্যাখ্যান করবেন। এ বিষয়ে তারা মার্কিন জনগণের প্রতি এই যুদ্ধের বিরোধিতা করার আহ্বান জানিয়েছে।
গত মাসের শেষ দিকে শুরু হওয়া এই সংঘাতকে ইরান অবৈধ ও উস্কানিমূলক আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ট্রাম্প প্রশাসনের ন্যাশনাল সেন্টার ফর কাউন্টারটেররিজমের (এনসিসি) ডিরেক্টর জোসেফ কেন্টের পদত্যাগের প্রসঙ্গ তুলে ধরেন।
ইরানের বিরুদ্ধে এই যুদ্ধের প্রতিবাদ জানিয়ে কেন্ট তার পদ থেকে সরে দাঁড়ান। তিনি জানান, একজন বিবেকবান মানুষ হিসেবে তিনি এই যুদ্ধকে সমর্থন করতে পারেন না। তার এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বাঘাই বলেন, এটি আমেরিকার সাধারণ মানুষের যুদ্ধ নয় এবং নৈতিক দিক থেকে একজন সচেতন নাগরিক বা কর্মকর্তার জন্য এই যুদ্ধ প্রত্যাখ্যান করাই উচিত।
জোসেফ কেন্ট আরও দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য কোনো তাৎক্ষণিক হুমকি ছিল না। বরং ইসরাইল এবং দেশটিতে থাকা প্রভাবশালী লবির চাপেই যুক্তরাষ্ট্র এই যুদ্ধে জড়িয়েছে। তার পদত্যাগের ঘটনায় ট্রাম্প প্রশাসনের ভেতরে এবং সমর্থকদের মধ্যে যুদ্ধের যৌক্তিকতা নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
তবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ হামলার পেছনে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন কারণ তুলে ধরেছেন এবং ইসরাইলি চাপের বিষয়টি অস্বীকার করেছেন।
চলতি মাসের শুরুতে হাউজ স্পিকার মাইক জনসন ইঙ্গিত দেন, হোয়াইট হাউস মনে করে ইসরাইল একাই এই পদক্ষেপ নিতে দৃঢ়প্রতিজ্ঞ ছিল, যা প্রেসিডেন্টের জন্য জটিল পরিস্থিতি তৈরি করে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইল যৌথভাবে তেহরানের বিভিন্ন স্থানে হামলা চালানোর মাধ্যমে এই সংঘাতের সূচনা করে। এরপর থেকে ইরান পাল্টা হিসেবে ইসরাইল অধিকৃত অঞ্চল ও মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে।





















