ইসরাইল একাই হামলা চালিয়েছে, জানতেন না যুক্তরাষ্ট্র: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে সাম্প্রতিক হামলাটি ইসরাইল এককভাবে পরিচালনা করেছে এবং এ বিষয়ে আগে থেকে যুক্তরাষ্ট্র বা কাতার কিছুই জানত না।
বুধবার (১৮ মার্চ) গভীর রাতে নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, ইসরাইল অত্যন্ত তীব্রভাবে দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে হামলা চালায়। এর প্রতিক্রিয়ায় ইরান কাতারের রাস লাফান গ্যাস স্থাপনায় পাল্টা আঘাত হানে।
তিনি আরও জানান, এই গুরুত্বপূর্ণ জ্বালানি স্থাপনায় ইসরাইলের পক্ষ থেকে আর কোনো হামলা চালানো হবে না। তবে তিনি শর্ত জুড়ে দিয়ে ইরানকে সতর্ক করে বলেন, যদি ইরান আবার ‘সম্পূর্ণ নির্দোষ’ কাতারের ওপর হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র একাই দক্ষিণ পার্স গ্যাস ফিল্ড সম্পূর্ণ ধ্বংস করে দেবে। এই ধ্বংসযজ্ঞ হবে এমন, যা ইরান আগে কখনো দেখেনি।
ট্রাম্পের এই বক্তব্যে বোঝা যায়, কাতারকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনা কমাতে তিনি সরাসরি ভূমিকা নিচ্ছেন। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কাতারের জ্বালানি নিরাপত্তার ওপর আঘাত এলে তার পরিণতি হবে ভয়াবহ।
এই ঘোষণার মাধ্যমে ট্রাম্প একদিকে ইসরাইলি হামলার দায় থেকে যুক্তরাষ্ট্রকে আলাদা করেছেন, অন্যদিকে ইরানের জন্য একটি কঠোর সীমারেখা নির্ধারণ করেছেন। দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডের কৌশলগত গুরুত্ব বিবেচনায় তার এই হুঁশিয়ারি মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
সূত্র: আল-আরাবিয়া।





















