ইরান যুদ্ধে নতুন করে সেনা ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের শক্তি বাড়াতে মধ্যপ্রাচ্যে আরও যুদ্ধজাহাজ ও প্রায় ৪ হাজার মেরিন সেনা এবং নৌসদস্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম নিউজমেক্স এ তথ্য জানিয়েছে।
চারজন অজ্ঞাত কর্মকর্তার বরাতে বলা হয়েছে, নতুন এই মোতায়েন বর্তমান অভিযানে থাকা মার্কিন বাহিনীকে সহায়তা করা এবং সামরিক কার্যক্রমের পরিধি বাড়ানোর জন্য নেওয়া হচ্ছে।
এই বহরের মধ্যে রয়েছে ‘বক্সার অ্যামফিবিয়াস রেডি গ্রুপ’, যা যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে যাত্রা শুরু করেছে।
নিউজমেক্সের প্রতিবেদনে বলা হয়, এই গ্রুপে এফ-৩৫ যুদ্ধবিমান, আধুনিক ক্ষেপণাস্ত্র এবং উভচর যান অন্তর্ভুক্ত রয়েছে। এসব উভচর যান সমুদ্র থেকে স্থলভাগে হামলা চালানো বা স্থল অভিযান পরিচালনায় ব্যবহৃত হয়। এর আগে যুক্তরাষ্ট্র প্রায় ২,৫০০ মেরিন সেনা এবং ‘ইউএসএস ত্রিপোলি’ নামের একটি উভচর আক্রমণকারী জাহাজ মধ্যপ্রাচ্যে পাঠিয়েছিল।
বর্তমান পরিস্থিতিতে এই নতুন সেনা ও যুদ্ধজাহাজ মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যে সংঘাত ক্রমেই তীব্র হচ্ছে। বিশেষ করে এফ-৩৫ যুদ্ধবিমান ও স্থল অভিযানের উপযোগী যান অন্তর্ভুক্ত থাকায় ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রের সামরিক কৌশল শুধু আকাশ হামলায় সীমাবদ্ধ নাও থাকতে পারে।
যদিও পেন্টাগন বা হোয়াইট হাউস এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, তবুও বিশ্লেষকদের মতে এটি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক প্রস্তুতির বড় একটি ধাপ।
সূত্র: আলজাজিরা।





















