ইসরাইলের নিরাপত্তা মন্ত্রণালয়ে ড্রোন হা*ম*লার দাবি ইরানের
ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রণালয়কে লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, তাদের শীর্ষ কর্মকর্তা ও নৌসদস্যদের মৃত্যুর প্রতিশোধ হিসেবেই এই হামলা চালানো হয়েছে।
শুক্রবার (২০ মার্চ) ভোরে প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পশ্চিম জেরুজালেমে অবস্থিত সংশ্লিষ্ট মন্ত্রণালয় লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে তেহরান।
ইরানের সামরিক বাহিনীর বিবৃতিতে উল্লেখ করা হয়, যুদ্ধজাহাজ ‘আইআরআইএস ডেনা’-এর নৌসদস্যদের মৃত্যুর প্রতিশোধ এবং গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব হত্যার জবাব দিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
তবে এই হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি বা প্রাণহানি হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এর আগে ৪ মার্চ শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলে ‘আইআরআইএস ডেনা’ যুদ্ধজাহাজে যুক্তরাষ্ট্র টর্পেডো হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে ইরান। ভারতের মহড়া শেষে ফেরার পথে ওই হামলায় ৮০ জনের বেশি নৌসদস্য নিহত হন বলে দাবি করা হয়।
অন্যদিকে, চলতি সপ্তাহের শুরুতে ইসরাইলি বিমান হামলায় ইরানের গোয়েন্দামন্ত্রী ইসমাইল খতিব নিহত হন।





















