ইরান ইস্যুতে রুশ সহযোগিতা কমাতে যুক্তরাষ্ট্রের কাছে শর্ত পুতিনের
ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর ইরানের পাল্টা আক্রমণ পশ্চিমা বিশ্বকে বিস্মিত করেছে। এরপর থেকেই অভিযোগ ওঠে, ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সহায়তা করছে চীন ও রাশিয়া। যদিও এ বিষয়ে এতদিন প্রকাশ্যে মন্তব্য থেকে বিরত ছিল সংশ্লিষ্ট দেশগুলো।
তবে নতুন করে জানা গেছে, ইরানকে দেওয়া রুশ সহযোগিতা কমানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কাছে একটি প্রস্তাব দিয়েছে মস্কো। পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন-রুশ আলোচনার সঙ্গে সংশ্লিষ্ট দুটি সূত্র এই তথ্য জানিয়েছে।
প্রস্তাবে বলা হয়, ইউক্রেনকে দেওয়া যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সহায়তা বন্ধ করা হলে রাশিয়া ইরানের সঙ্গে তাদের গোয়েন্দা সহযোগিতা কমিয়ে দেবে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক অবস্থান সংক্রান্ত তথ্য ইরানকে না দেওয়ার বিষয়টিও রয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত সপ্তাহে মিয়ামিতে মার্কিন দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে এক বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দূত কিরিল দিমিত্রিভ এই প্রস্তাবটি উত্থাপন করেন।
তবে শেষ পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে বলে সূত্রগুলো জানিয়েছে। অন্যদিকে কিরিল দিমিত্রিভ পরে এক্সে দেওয়া এক পোস্টে পলিটিকোর এই প্রতিবেদনকে ‘ভুয়া’ বলে দাবি করেন।
সূত্র: টাইমস অব ইসরাইল।





















