‘নিজেদের সঙ্গেই আলোচনা করছে যুক্তরাষ্ট্র’—বিদ্রুপ ইরানের
যুদ্ধ পরিস্থিতি নিরসনে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনা করছে—ডোনাল্ড ট্রাম্পের এমন দাবিকে বিদ্রুপ করেছে তেহরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র এই কটাক্ষ করেছেন।
এর আগে রয়টার্স জানায়, সংঘাত নিরসনে ওয়াশিংটন ১৫ দফা একটি পরিকল্পনা তৈরি করে তেহরানে পাঠিয়েছে। তবে ইরান স্পষ্টভাবে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের কোনো ধরনের আলোচনা হয়নি।
ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টারসের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেন, ‘আপনাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এমন পর্যায়ে পৌঁছেছে যে আপনারা নিজেরাই নিজেদের সঙ্গে আলোচনা করছেন?’
তিনি আরও বলেন, ‘আমাদের মতো মানুষ কখনো আপনাদের মতো মানুষের সঙ্গে মিলতে পারবে না।’
জুলফাকারি দাবি করেন, এই অঞ্চলের স্থিতিশীলতা ইরানের সশস্ত্র বাহিনীর ওপর নির্ভরশীল—এটি যুক্তরাষ্ট্র স্বীকার না করা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হবে না। একই সঙ্গে তিনি বলেন, এমন অবস্থায় মার্কিন বিনিয়োগ ও যুদ্ধ-পূর্ব জ্বালানির দামও ফিরে আসবে না।





















