যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলকে ইরানের পাঁচ শর্ত
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে ইরান পাঁচটি শর্ত দিয়েছে বলে জানিয়েছে হিব্রু সংবাদমাধ্যমগুলো।
ইসরাইলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে ইরান এই দাবিগুলো উত্থাপন করেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ইরান প্রথমত নিশ্চিত হতে চায় যে ভবিষ্যতে আর নতুন করে যুদ্ধ শুরু হবে না। পাশাপাশি হরমুজ প্রণালির জন্য এমন একটি নতুন ব্যবস্থা চায়, যাতে ওই এলাকায় কার্যত তাদের নিয়ন্ত্রণ থাকে।
ইরান আরও দাবি করেছে, মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করতে হবে। এছাড়া যুদ্ধের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তেহরান।
এ ছাড়া ইরান অভিযোগ করেছে যে কিছু সংবাদমাধ্যম তাদের বিরুদ্ধে শত্রুভাবাপন্ন প্রচারণা চালাচ্ছে। এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের হস্তান্তরের দাবিও জানিয়েছে তারা।
এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে এবং এখন ইরান বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হামলার পর থেকে সংঘাত ক্রমেই বিস্তৃত হয়েছে এবং এখনো পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে।
সূত্র: মিডল ইস্ট মনিটর ও মিডল ইস্ট আই।





















