পুতিনের সঙ্গে কী নিয়ে আলোচনা হবে, জানালেন আরাগচি
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি রাশিয়ার সেন্ট পিটার্সবার্গে পৌঁছেছেন। সফরকালে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
রাশিয়ায় পৌঁছে ইরানি গণমাধ্যমকে আরাগচি জানান, আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে তেহরান ও মস্কোর ঘনিষ্ঠ পরামর্শ প্রক্রিয়া অব্যাহত রাখার লক্ষ্যেই এই সফর।
তিনি বলেন, পুতিনের সঙ্গে নির্ধারিত বৈঠক যুদ্ধ পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে আলোচনা এবং সর্বশেষ অবস্থা পর্যালোচনার একটি গুরুত্বপূর্ণ সুযোগ হবে।
আরাগচি আরও বলেন, এ বিষয়ে দুই দেশের মধ্যে পরামর্শ ও সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি বিশ্বাস করেন।
গত ২৪ ঘণ্টায় একাধিক দেশ সফর করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তার সফর শুরু হয় ইসলামাবাদ থেকে, এরপর তিনি মাস্কাটে যান এবং পুনরায় ইসলামাবাদ সফর শেষে সেন্ট পিটার্সবার্গে পৌঁছান।
বিশ্লেষকদের মতে, এই ধারাবাহিক সফর ইরানের বৃহৎ কূটনৈতিক পরিকল্পনার অংশ। এর মাধ্যমে অঞ্চলজুড়ে নিজেদের উপস্থিতি জোরদার করার পাশাপাশি অংশীদার দেশগুলোর সঙ্গে সমন্বয় বাড়াতে চাইছে তেহরান।





















