ফের হামলা হলে কঠোর জবাব, যুক্তরাষ্ট্র-ইসরাইলকে ইরানের হুঁশিয়ারি
যুক্তরাষ্ট্র ও ইসরাইল আবার হামলা চালালে কঠোর জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সেনাবাহিনী। তাদের দাবি, পরিস্থিতি এখনো যুদ্ধকালীন এবং সংঘাত শেষ হয়ে গেছে—এমনটি তারা মনে করে না।
মঙ্গলবার (২৮ এপ্রিল) ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া এ সতর্কবার্তা দেন। ফারস নিউজের বরাতে এ তথ্য জানা গেছে।
তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল যদি আবারও ইরানের নিরাপত্তা বিঘ্নিত করে হামলা চালায়, তাহলে আগের চেয়েও কঠিন জবাব দেওয়া হবে।
মুখপাত্র আরও বলেন, ‘আমরা মনে করি না যুদ্ধ শেষ হয়েছে। বর্তমান পরিস্থিতি এখনো যুদ্ধকালীন হিসেবেই বিবেচিত হচ্ছে।’
তিনি আশ্বস্ত করে বলেন, ইরানের জনগণ নিশ্চিন্ত থাকতে পারে—শত্রুপক্ষ আবার আগ্রাসন চালালে নতুন অস্ত্র ও ভিন্নধর্মী কৌশলে জবাব দেওয়া হবে।
মোহাম্মদ আকরামিনিয়া জানান, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকাও হালনাগাদ করা হয়েছে। তার ভাষায়, শত্রুপক্ষ যদি নতুন কোনো পদক্ষেপ নেয়, তবে তারা সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, কৌশল ও শক্ত প্রতিরোধের মুখে পড়বে।





















